মন্তেশ্বরে পুলিশের অভিযান, ১০৭ গাড়ি ও দুটি গরু উদ্ধার, গ্রেফতার দুই

পূর্ব বর্ধমান ১৪ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ। অভিযানে একটি ১০৭ গাড়ি ও দুটি গরু উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর থানার অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের তুল্যাবাগপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই একটি ১০৭ গাড়ি ও দুটি গরু বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে পরে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম রাজেশ গড়াই ও নাসির শেখ। রাজেশের বাড়ি মন্তেশ্বর থানার পানবড়িয়া গ্রামে এবং নাসিরের বাড়ি একই থানার বিঘা গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার ধৃত দু’জনকে কালনা মহকুমা আদালতে পেশ করে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর সঙ্গে কোনও বড় চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ।

উদ্ধার হওয়া গাড়ি ও গরুগুলির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Recent Posts