কংগ্রেস-সিপিএমকে জোট প্রস্তাব মমতা তৃণমূলের, প্রতিক্রিয়া ‘হাত’ শিবিরের

কলকাতা, ১৪ নভেম্বর : প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভায় বিজেপির বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সরাসরি জোটের প্রস্তাব নিয়ে গুঞ্জন উঠেছে নানা মহলে।

শুক্রবার তাঁর মূর্তির উন্মোচন হল কলকাতায়। সেই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তাতেও লাগল রাজনীতির রং। বিবাদী বাগে ‘প্রিয়দা’র মূর্তি উন্মোচনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ এই জোটের প্রস্তাব জানান। সঙ্গে সঙ্গে অবশ্য কংগ্রেস নেতারা সরব হয়ে জানান, প্রিয়রঞ্জনকে নিয়ে অনুষ্ঠানে কোনও রাজনীতির কথা হোক, তাঁরা চান না।

এটুকু বাদ দিলে এদিন প্রিয়রঞ্জনকে ঘিরে শহরে রাজনৈতিক সম্প্রীতির বিরল নজির দেখা গেল।

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি প্রতিষ্ঠা কংগ্রেসের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। আজ

বিবাদী বাগে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। ভিন্ন মতাদর্শের অনেকের কাছেও তিনি একান্ত ‘প্রিয়দা’। রাজনীতির ঊর্ধ্বেই তাঁর অবস্থান।

সেই নিরপেক্ষতার কথা একে একে স্মরণ করেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, ঋতব্রত তৃণমূলের মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরা।

বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জীবনে অবদানকারী হিসেবে প্রথম নামটি বলেন প্রিয়রঞ্জন দাশমুন্সির। তাঁর কথায়, ‘‘আমার জীবনে অবদান তিনজনের – প্রিয়দা, সিদ্ধার্থশংকর রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের।” মদন মিত্র বলেন, ‘‘আমি প্রিয়দার মদন মিত্র হয়ে এখানে এসেছি।”

Recent Posts