দলের রং, পতাকাকে কলঙ্কিত করলে, তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নিদান শমীকের

কলকাতা, ১৪ নভেম্বর : আগে যাঁরা লুট করতেন রাজ্য, তাঁরাই এখন ঘুরে বিজেপিতে আসতে চাইছেন। সেই সব লুটেরাকে চিহ্নিত করুন। শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আবারও এই হুঁশিয়ারি দিলেন।

শুক্রবার দলীয় এক কর্মসূচিতে যোগ দেন শমীকবাবু। বিজেপিতে ‘অরাজকতা’ রুখতে সেই কর্মসূচি থেকে কড়া বার্তা দেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির মতে, পালাবদলের পর অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। বিজেপির পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। নিজেদের বিজেপির নেতা বলে দাবি করছেন। সেই সব লোকেরা যদি কোনও অন্যায় করে থাকেন, তবে তাঁদের চিহ্নিত করতে বলেন শমীকবাবু।

তাঁর কথায়, ‘‘আগে যারা লুট করত, এখন তারা বিজেপির পতাকাতে আসতে চাইছে। তাদের চিহ্নিত করতে হবে। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না।’’

রাজ্যে পালাবদলের পর তোলাবাজি, কাটমানির অভিযোগে বিদ্ধ বিজেপির অনেক নেতানেত্রীই! নাম জড়িয়েছে অনেক বিধায়কেরও। রাজ্য বিজেপি নেতৃত্ব বার বার সেই নেতানেত্রীদের হুঁশিয়ারি দিয়েছেন। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিজেপিতে কোনও ভাবেই এ ধরনের বিষয় বরদাস্ত করা হবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ফের তাঁকে বার্তা দিতে হল।

শমীকবাবুর কথায়, ‘‘আমাদের দলের রং, পতাকাকে যাঁরা কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করুন।’’ তিনি জানান, বিজেপির দরজা বন্ধ তাদের জন্য!

Recent Posts