নয়াদিল্লি, ১৪ নভেম্বর : এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদের মধ্যে হওয়া জোটকে স্বাগত জানালেন সমাজবাদী পার্টির (সপা) সুপ্রিমো অখিলেশ যাদব। শনিবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই রাজনৈতিক সমীকরণকে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। অখিলেশ যাদবের মতে, এই জোটের ফলে সাধারণ মানুষকে আর আবেগতাড়িত স্লোগান বা ফাঁকা বুলিতে বিভ্রান্ত করা যাবে না, বরং দেশের মৌলিক সমস্যাগুলি সামনে উঠে আসবে।
ওয়েইসি এবং চন্দ্রশেখর আজাদের নতুন জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমাজবাদী পার্টির প্রধান বলেন, “এটি একটি ইতিবাচক অগ্রগতি। ইতিবাচক এই কারণেই যে, এটি নিশ্চিত করবে যাতে মানুষ আবেগপূর্ণ আহ্বানে বিভ্রান্ত বা আকৃষ্ট না হন। পরিবর্তে, এখন মৌলিক বিষয়গুলি (ফান্ডামেন্টাল ইস্যু) উত্থাপিত হবে।”
কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে নিশানা করে ‘পিডিএ’ (পিছড়া, দলিত এবং সংখ্যালঘু) ভোটব্যাঙ্ক প্রসঙ্গে অখিলেশ যাদব আরও বলেন, “বর্তমান সরকার প্রায়শই ফাঁকা বুলি বা আবেগপ্রবণ বিষয়গুলিকে কাজে লাগিয়ে ‘পিডিএ’ সম্প্রদায়ের ভোট আদায় করে নেয়। আমি আশা করি যে, এই নতুন জোট সেই সমস্ত মূল ও বাস্তবসম্মত বিষয়গুলির ওপর আলোকপাত করে সরকারকে জবাবদিহির মুখে দাঁড় করাবে।”








