আগরতলা, ১৬ নভেম্বর : রাজধানী আগরতলায় কৃষ্ণনগর এলাকায় গত ১৩ নভেম্বর সিপিআইএম কর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্যের তীব্র সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর অভিযোগ, প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী সেটিকে বামপন্থীদের সাজানো ঘটনা বলে আখ্যায়িত করে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছেন।
রবিবার কৃষ্ণনগর এলাকায় যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেখানে তিনি আক্রান্ত সিপিআইএম কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গত ১৩ নভেম্বরের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
মানিক সরকারের বক্তব্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর দুপুরে কৃষ্ণনগর এলাকায় সিপিআইএমের নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। পাশাপাশি প্রচারের জন্য বিভিন্ন সাজসজ্জার প্রস্তুতিও চলছিল। সেই সময় পাশের একটি মণ্ডল অফিসে জড়ো হওয়া একদল দুষ্কৃতী পেছন দিক থেকে অতর্কিতে তাঁদের উপর হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন বাম কর্মী আহত হন বলে তিনি দাবি করেন। তবে হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদে সরব হন। তাঁদের প্রতিরোধের মুখে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানান তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকার পুরনো বিজেপি সমর্থকরাও। তাঁর কথায়, কৃষ্ণনগর এলাকায় অতীতে এ ধরনের রাজনৈতিক অশান্তি কিংবা হামলার নজির ছিল না। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে মানিক সরকার বলেন, মুখ্যমন্ত্রী নিজেই যদি এই ধরনের হামলার ঘটনাকে বামপন্থীদের সাজানো বলে দাবি করেন, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী গোটা ঘটনাটিই বেমালুম অস্বীকার করার চেষ্টা করছেন। প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর আশঙ্কা, মুখ্যমন্ত্রীর এই অবস্থান দুর্বৃত্তদের আরও উৎসাহিত করবে এবং শাসক দলের অভ্যন্তরে এ ধরনের প্রবণতা বাড়তে পারে।
মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে আক্রমণ করে মানিক সরকার আরও কটাক্ষ করেন, এই দুর্বৃত্তদের কাঁধে ভর করেই বর্তমান মুখ্যমন্ত্রী পরপর দুবার বিধায়ক এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েই তিনি এমন মন্তব্য করছেন বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষ সবকিছুই দেখছেন এবং প্রত্যেকটি ঘটনার সাক্ষী থাকছেন। সময় এলে মানুষই এসব ঘটনার উপযুক্ত জবাব দেবেন। রাজনৈতিক সন্ত্রাস কিংবা বিরোধীদের উপর আক্রমণ চালিয়ে গণতান্ত্রিক পরিবেশকে স্তব্ধ করা যাবে না বলেও তাঁর বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা উঠে আসে।
তবে কৃষ্ণনগরের এই হামলার ঘটনায় এখনও কয়েকটি প্রশ্নের উত্তর মেলেনি। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা মুখোশ পরে এসেছিল। ফলে তাদের প্রকৃত পরিচয় এবং কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। ঘটনার পর কৃষ্ণনগর এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।









