আগরতলা, ১৬ নভেম্বর : ভগবান বিরসা মুণ্ডার আদর্শ ও সংগ্রামকে পাথেয় করে আদিবাসীদের ভাষা, ভূমি এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার আন্দোলন আরও জোরদার করার সংকল্প গ্রহণ করল প্রদেশ কংগ্রেস। রবিবার ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সংকল্পের কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। একই সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া অংশের মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন তিনি। এদিন রাজ্যের জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগেও যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় ব্রিটিশবিরোধী ঐতিহাসিক কৃষক বিদ্রোহ উলগুলানের অবিসংবাদিত নেতা শহীদ বিরসা মুন্ডাকে।
রবিবার ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ভগবান বিরসা মুন্ডা দেশের আদিবাসী সমাজের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশের আদিবাসী জনগণ তাঁকে ধরতি আবা হিসেবে সম্মান করেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর আত্মত্যাগ আজও গোটা দেশকে অনুপ্রাণিত করে। প্রদেশ কংগ্রেস এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
বিজেপি সরকারের সমালোচনা করে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বর্তমান বিজেপি শাসনে দেশের সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন আদিবাসী, দলিত এবং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ। তাঁর দাবি, বিভিন্নভাবে আদিবাসীদের জমির অধিকার খর্ব করা হচ্ছে। তাঁদের জমি থেকে উচ্ছেদ করে সেই জমি কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ শিল্পপতি ও কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে আদিবাসীদের স্বাধিকার, জীবনযাত্রা এবং নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, আরএসএসের মনুবাদী চিন্তাধারার প্রভাবেই দেশ পরিচালিত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এই চিন্তাধারায় আদিবাসী সমাজের অধিকার ও মর্যাদার যথাযথ স্বীকৃতি নেই। একই সঙ্গে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের আদিবাসী সমাজ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আদিবাসীদের সাংবিধানিক অধিকার, নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এবং ভূমির অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে পালন করার দিন নয়, বরং তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার দিন। তাই এই মহান দিনে ত্রিপুরা আদিবাসী কংগ্রেস আদিবাসীদের ভাষা, ভূমি ও সাংস্কৃতিক অধিকার রক্ষার আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার গ্রহণ করছে। বিরসা মুন্ডার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের অন্যতম পথ হবে তাঁর দেখানো অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই আজকের দিনে কংগ্রেসের সংকল্প বলে জানান আশীষ কুমার সাহা।
এদিন রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও ঐতিহ্য নিয়ে বিজেপির এক বিধায়কের বক্তব্যেরও তীব্র নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, আদিবাসীদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা নিয়ে এ ধরনের মন্তব্য তাঁদের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও সামাজিক মর্যাদাকে আঘাত করে। তিনি বলেন, বিজেপি বিধায়কের এমন আচরণ বিজেপির রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন।
অন্যদিকে, ব্রিটিশবিরোধী ঐতিহাসিক কৃষক বিদ্রোহ উলগুলানের অবিসংবাদিত নেতা শহীদ বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করে রাজ্যের জন অধিকার সুরক্ষা কমিটি। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিরসা মুন্ডার জীবনসংগ্রাম, আত্মত্যাগ এবং আদিবাসী সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের তাৎপর্য স্মরণ করেন তাঁরা।
উল্লেখ্য, ভগবান বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম আজও দেশের আদিবাসী সমাজের কাছে অধিকার, আত্মমর্যাদা এবং প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস। তাঁর ১৫১তম জন্মবার্ষিকীতে রাজ্যের বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচির মধ্য দিয়ে সেই সংগ্রামী ঐতিহ্যকে স্মরণ করা হয়।









