হুগলি, ১৬ নভেম্বর : ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে পোলবা-দাদপুর ব্লকে পালিত হলো ‘জনজাতি গৌরব দিবস’। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সারথি তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের শিক্ষার পথে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সরকারি এই কর্মসূচির মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও তাঁদের পাশে থাকার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করা হয়।
জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়কে সম্মান জানানো এবং শিক্ষার মাধ্যমে তাঁদের উন্নয়নের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত ব্যক্তিরা।









