রাজ্যের বিভিন্ন জলাশয়ে ভক্তি ও নিষ্ঠায় ছট পূজা, রানির পুকুরে পুণ্যার্থীদের ঢল

আগরতলা, ১৬ নভেম্বর : সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, পরিবার-পরিজনের মঙ্গল কামনা এবং সুখ-সমৃদ্ধির প্রার্থনায় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাজ্যেও শুরু হলো প্রাচীন ধর্মীয় উৎসব ছট পূজা। রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে উৎসবের আবহে পালিত হয় ছট পূজা। এদিন আগরতলার রানির পুকুর, দশমীঘাট, এগিয়ে চলো সংঘের জলাশয় এবং লক্ষ্মীনারায়ণ বাড়ির দীঘিসহ বিভিন্ন জলাশয়ে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। অস্তগামী সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে প্রার্থনায় শামিল হন অসংখ্য নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা।
মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর গোয়ালাবস্তি সংলগ্ন রানির পুকুরে। বিকেল থেকেই পুকুরের চারপাশে ভিড় জমাতে শুরু করেন ব্রত পালনকারী ও তাঁদের পরিবারের সদস্যরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পুণ্যার্থীরা জলাশয়ে নেমে অস্তগামী সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। সূর্যদেব এবং ছটি মাইয়ার আরাধনার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা। উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ছট পূজা মূলত সূর্যদেবের উপাসনাকে কেন্দ্র করে পালিত একটি প্রাচীন হিন্দু ধর্মীয় উৎসব। পৃথিবীতে আলো, শক্তি ও জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এই উৎসবের অন্যতম প্রধান তাৎপর্য। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে এই উৎসবের ব্যাপক প্রচলন রয়েছে। পাশাপাশি নেপালের তরাই অঞ্চলেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছট পূজা উদযাপিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভৌগোলিক সীমানা অতিক্রম করে ত্রিপুরাতেও এই উৎসব জনপ্রিয়তা অর্জন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ছটব্রতী ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে প্রতিবছরই উৎসবের পরিসর আরও বিস্তৃত হচ্ছে।
রানির পুকুরে আয়োজিত ছট পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন ছট পূজা উপলক্ষ্যে রাজ্যবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্য সচিব জে কে সিনহা। তিনি আশা প্রকাশ করেন, এই প্রাচীন ও পবিত্র ধর্মীয় উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমারও ছট পূজা উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, সন্তানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি পরিবার এবং সমাজের সার্বিক সুখ ও সমৃদ্ধির জন্য মানুষ এই পবিত্র আরাধনায় নিজেদের নিবেদিত করেন। ছট পূজার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরে তিনি সকলের মঙ্গল কামনা করেন।
এদিকে, রাজধানীর দশমীঘাট, লক্ষ্মীনারায়ণ বাড়ির দীঘি এবং এগিয়ে চলো সংঘের জলাশয়েও একইভাবে উৎসবের আবহ পরিলক্ষিত হয়। বিকেলের শেষ আলোয় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে জলাশয়গুলিতে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী। ধর্মীয় নিষ্ঠা, পারিবারিক বন্ধন এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে ওঠে বিভিন্ন পূজাস্থলে। ছট পূজাকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় এদিন কার্যত উৎসবের মিলনক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন জলাশয়।