ছটপুজোর ভোরে গঙ্গায় ডুবন্ত কুকুরকে উদ্ধার ইন্দ্রনীলের, মানবিকতায় মন জয়

কলকাতা, ১৬ নভেম্বর : ছটপুজোর অন্তিম দিনে সোমবার ভোরে কলকাতার বাবুঘাটে গঙ্গায় ডুবতে থাকা একটি কুকুরকে উদ্ধার করে মানবিকতার অনন্য নজির গড়লেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এদিন ভোরে ছটপুজোর সার্বিক ব্যবস্থা ও প্রস্তুতি পরিদর্শনে বাবুঘাটে গিয়েছিলেন তিনি। সেই সময় গঙ্গার জলে একটি কুকুরকে হাবুডুবু খেতে ও ডুবে যেতে দেখে দ্রুত সেটিকে উদ্ধারের উদ্যোগ নেন মন্ত্রী।

পরিস্থিতির গুরুত্ব বুঝে বিন্দুমাত্র দেরি না করে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে খবর দেন এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশ পেয়েই এনডিআরএফের কর্মীরা তড়িঘড়ি জলে নেমে প্রায় মৃত্যুর মুখ থেকে কুকুরটিকে উদ্ধার করেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর অবলা প্রাণীটিকে নিরাপদে ঘাটে তুলে আনা সম্ভব হয়। জল থেকে তোলার পর ঠান্ডায় কাঁপতে থাকা কুকুরটিকে প্রয়োজনীয় উষ্ণতা দেওয়ার পাশাপাশি তার জন্য খাবারেরও ব্যবস্থা করেন ক্রীড়ামন্ত্রী। প্রাথমিক শুশ্রূষার পর ধীরে ধীরে কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। কুকুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে যাননি মন্ত্রী।

ছটপুজোর মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের তদারকির মাঝেও একটি অবলা প্রাণের জীবন বাঁচাতে মন্ত্রীর এই তৎপরতা ও সংবেদনশীলতা ঘাটে উপস্থিত পুণ্যার্থী ও সাধারণ মানুষের নজর কাড়ে। তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই। উৎসবের আবহে এই ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।