ভাতারে দুর্ঘটনার কবলে বাস, আহত ৩০ জন

পূর্ব বর্ধমান, ১৮ নভেম্বর : মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত বাদশাহি রোডের কাপশোর মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বাসটি কলকাতার ধর্মতলা থেকে মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি ভাতারের আলিনগরের কাছে কাপশোর মোড় এলাকায় পৌঁছলে বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির গতিবেগ বেশ বেশি ছিল। সেই সময় সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে ১৫ জনের আঘাত সামান্য হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
Recent Posts