খানাকুল, ১৮ নভেম্বর : হুগলির খানাকুলে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বুকস্টল ইস্যুতে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি, সরকারি চাকরির পরীক্ষার ফি মকুবের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
কলকাতায় এসএফআইয়ের চলমান বা মোবাইল বুকস্টল এবং বই পোড়ানোর অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “দেখুন, এসএফআইকে বলুন যে তারা একটি মোবাইল বা চলমান বুকস্টল তৈরি করেছে— আগে তাদের দলটাকে চলমান করতে বলুন; বুকস্টল পরে চলবে।”
রাজনৈতিক কারণে বই পোড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বামপন্থীদের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ভারতে রাজনৈতিক কারণে বই পোড়ানোর বিষয়ে বলতে গেলে— কিছু মানুষ সত্যিই (স্টল) ভাঙচুর করেছিল এবং আমরা তার নিন্দা করেছি। তবে, ভারতে যদি কোনও রাজনৈতিক দল বা আদর্শগত গোষ্ঠী প্রথম রাজনৈতিক কারণে বই পোড়ানো শুরু করে থাকে, তবে তারা হলো বামপন্থীরা।”
অন্যদিকে, রাজ্যের চাকরিপ্রার্থীদের স্বার্থে সরকারি পরীক্ষার ফি মকুব করার যে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, তাকে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত প্রশংসনীয়; আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। এই ঘোষণার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে আমাদের সরকার হলো সাধারণ মানুষের সরকার, এমন একটি সরকার যা সত্যিই মানুষের কথা ভাবে ও মানুষের যত্ন নেয়।”









