রক্ত অদলবদল কাণ্ডে মৃত্যু চিকিৎসাধীন রোগী বীরেন্দ্রনাথের

জলপাইগুড়ি, ১৮ নভেম্বর : রক্ত অদলবদল হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকে ধীরে-ধীরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মার। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু হয় বীরেন্দ্রনাথের। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সূত্রের খবর, অপর চিকিৎসাধীন রোগী বলিন রায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি দুই রোগীকে দেওয়ার রক্তে অদলবদল হয়। দুই রোগীর শরীরেই অন্য গ্রুপের রক্ত দেওয়া হয় বলে অভিযোগ। এ পজিটিভ এবং এবি পজিটিভ গ্রুপের দুই ইউনিট রক্ত বদলে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভুল গ্রুপের রক্ত শরীরে যাওয়াতে শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে বীরেন্দ্রনাথের। পরিবারের তরফে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
Recent Posts