টালা এলাকায় ৭২ ইঞ্চির জলের পাইপলাইন মেরামত, পুরসভার সঙ্গে বৈঠকে রেলের সহযোগিতার আশ্বাস

কলকাতা, ১৯ নভেম্বর : কলকাতা স্টেশন সংলগ্ন টালা এলাকায় ৭২ ইঞ্চির জলের পাইপলাইনের জরুরি মেরামতির উদ্যোগ নিল কলকাতা পুরসভা ও পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই কাজ দ্রুত সম্পন্ন করতে বুধবার শিয়ালদহের ডিআরএম দপ্তরে দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। কলকাতা পুরসভার অতিরিক্ত কমিশনার এবং জল সরবরাহ বিভাগের ডিজি-সহ পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সপ্তাহে টালা পাম্পিং স্টেশনের ৭২ ইঞ্চি জলের পাইপলাইনে লিকেজের জেরে কলকাতা স্টেশন চত্বরে ব্যাপক জল জমে যায়। এর ফলে ব্যাহত হয় ট্রেন চলাচলও। শহরের জলসংকট মোকাবিলায় দ্রুত পাইপলাইন মেরামতির প্রয়োজনীয়তার বিষয়টি বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
পুরসভার পক্ষ থেকে কলকাতা স্টেশন ইয়ার্ডের সার্কুলার লাইন ও স্টেবলিং লাইনের মাঝখানে থাকা ক্ষতিগ্রস্ত পাইপলাইন এলাকায় কাজের অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা ও কাজের রূপরেখা জানিয়ে বিস্তারিত পরিকল্পনা জমা দেবে পুরসভা। রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল ও রেললাইনের নিরাপত্তা বজায় রেখে প্রয়োজনীয় ব্লক দিয়ে কাজের অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে।
যাত্রী স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক ট্রেন চলাচল বজায় রাখার পাশাপাশি শহরের জলসংকট মেটাতে পুরসভাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিআরএম রাজীব সাক্সেনা।
Recent Posts