নয়াদিল্লি, ২৩ নভেম্বর : মহারাষ্ট্রের প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভা সাংসদ রামরাও সখারাম ওয়াডকুতের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত নেতার সমাজসেবামূলক কাজ এবং দলের সংগঠন মজবুত করার ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “রাজ্যসভা সাংসদ রামরাও ওয়াডকুতে জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সমাজে তাঁর অবদান এবং দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সেবায় তাঁর নিরলস প্রচেষ্টার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মহারাষ্ট্রে বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর উদ্যোগও সমানভাবে উল্লেখযোগ্য ছিল।” শোকসন্তপ্ত পরিবার এবং তাঁর অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “এই কঠিন সময়ে তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি।”
উল্লেখ্য, ৭২ বছর বয়সি এই প্রবীণ সাংসদ অসুস্থতার কারণে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের শুরুতেই তিনি মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-সহ দলের শীর্ষ নেতৃত্বও শোকপ্রকাশ করেছেন।








