২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল

অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর,২০২৬: আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বিদ্যুতের বিল পাবেন গ্রাহকরা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেওয়ার যে ব্যবস্থা চালু রয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকে তার পরিবর্তে মাসিক বিলিং ব্যবস্থা কার্যকর করা হবে। এর ফলে গ্রাহকদের একসঙ্গে তিন মাসের বিদ্যুতের বিল মেটানোর আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রতি মাসে বিদ্যুতের বিল প্রদানের দাবি জানিয়ে আসছিলেন গ্রাহকদের একাংশ। তাঁদের বক্তব্য ছিল, তিন মাসের বিল একসঙ্গে জমা দেওয়ার ফলে অনেক সময় পরিবারের মাসিক বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে। এই বাড়তি চাহিদা পূরণ করতে নিয়ম মেনে প্রয়োজনীয় বিদ্যুৎ কেনার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। শিল্পের প্রসারের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।