অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর,২০২৬: ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কারখানাটিতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এখনও প্রায় ৩০ জনের সন্ধান মেলেনি। নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগুনে দগ্ধ হয়ে মৃতদের দেহাবশেষ শনাক্ত করার কাজ শুরু করেছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। দেহের অবস্থা গুরুতর হওয়ায় প্রচলিত পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই মৃতদের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার পাশাপাশি তাঁদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করতে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনদের সন্ধানের আশায় উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন। উদ্ধার ও শনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।









