রুশ হেলিকপ্টারের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, মস্কোর রাষ্ট্রদূতকে তলব ফিনল্যান্ডের

অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর,২০২৬: রুশ হেলিকপ্টারের বিরুদ্ধে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এবং ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ফিনল্যান্ড। সোমবার দেশটির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই পদক্ষেপের কথা জানানো হয়। একই সঙ্গে ইউক্রেনে বেসামরিক পরিকাঠামো ও সাধারণ মানুষের ওপর রাশিয়ার হামলারও নিন্দা করেছে হেলসিঙ্কি।

ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান হামলার তীব্র বিরোধিতা করছে তারা। পাশাপাশি ডেনমার্ক, পোল্যান্ডসহ ইউরোপের অন্যান্য সহযোগী দেশের প্রতি সংহতি প্রকাশ করেছে ফিনল্যান্ড। ইউরোপীয় অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত শনিবার ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার ‘স্পার্টা-২’ নামের একটি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরিস্থিতির কারণে জাহাজের নাবিকদের সরিয়ে নিতে হয়। ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে সন্দেহ প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি কূটনৈতিক স্তরে রাশিয়ার কাছে প্রতিবাদ জানায় ফিনল্যান্ড।

অন্যদিকে, ড্রোন হামলার পর আগুন লাগা জাহাজটি স্রোতের টানে ফিনল্যান্ডের জলসীমায় চলে আসে। রাজধানী হেলসিঙ্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে জাহাজটিকে নোঙর করা হয়। ফিনল্যান্ড, এস্তোনিয়া ও রাশিয়ার উদ্ধারকারী জাহাজের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রবিবার সন্ধ্যায় জাহাজটিকে ফিনল্যান্ডের জলসীমা থেকে রাশিয়ার দিকে নিয়ে যাওয়া হয়।

ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে ইউক্রেনের। সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।