আগরতলা, ২৪ নভেম্বর : দুপুরের খাবারে ডাল-ভাত ও আলুভাজা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের চার সদস্য। তাঁদের মধ্যে পরিবারের বড় সন্তান অন্তর দাসের মৃত্যু হয়েছে জিবিপি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বাবা, মা ও পরিবারের অপর এক সন্তান। রবিবার দুপুরে বিশালগড় মহকুমার চড়িলাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। কী কারণে একই পরিবারের চারজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা চড়িলাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, চড়িলামের বাসিন্দা দীপক চন্দ্র দাস রবিবার দুপুর প্রায় দুটো নাগাদ স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পরিবারের সকলের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন। বাড়িতে সেদিন রান্না হয়েছিল ডাল, ভাত ও আলুভাজা। প্রতিদিনের মতোই পরিবারের চার সদস্য একসঙ্গে বসে গল্পগুজব করতে করতে দুপুরের আহার সারেন। কিন্তু তখন কেউই কল্পনা করতে পারেননি, একসঙ্গে বসে খাওয়া সেই দুপুরের আহার তাঁদের জীবনে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে।
খাওয়াদাওয়া শেষ করে পরিবারের সদস্যরা অভ্যাসমতো বিশ্রাম নিতে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বিপত্তি। আচমকাই পরিবারের চার সদস্যের একে একে বমি ও পায়খানা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই চারজনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তাঁরা প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আশঙ্কাজনক অবস্থায় আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ে হার মানে পরিবারের বড় ছেলে অন্তর দাস। রবিবার রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় জিবিপি হাসপাতালেই তার মৃত্যু হয়। পরিবারের বাকি তিন সদস্যের শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাঁরা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শোকাহত দীপক চন্দ্র দাস জানান, রবিবার দুপুরে তাঁদের বাড়িতে কেবল ডাল, ভাত ও আলুভাজা রান্না হয়েছিল। পরিবারের চারজনই সেই রান্না করা খাবার খেয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দুপুরের খাবার খাওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পরিবারের সদস্যদের একে একে শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। প্রথমে বমি ও পরে পায়খানা শুরু হয়। এরপর দ্রুত সকলের শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তবে ঠিক কী কারণে একই পরিবারের চার সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খাবারে কোনও ধরনের বিষক্রিয়া হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার প্রকৃত কারণ জানতে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন পরিবারের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
এদিকে পরিবারের বড় ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে চড়িলাম থেকে বহু গ্রামবাসী জিবিপি হাসপাতালে ছুটে আসেন। একদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পরিবারের তিন সদস্য, অন্যদিকে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা ও আত্মীয়স্বজনরা। একসঙ্গে বসে দুপুরের খাবার খেতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি যে অপেক্ষা করছিল, তা কেউই ভাবতে পারেননি। এই ঘটনায় চড়িলাম এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।









