ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর : সাতসকালে ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল। ব্যাগের ভেতরে কী রয়েছে, তা নিয়ে এলাকায় শুরু হয় নানা জল্পনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বোম্ব স্কোয়াডের দল। পরে বোম্ব স্কোয়াড ব্যাগটি উদ্ধার করে শহর থেকে দূরে একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে পরীক্ষা করে। তবে শেষ পর্যন্ত ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের কোর্ট রোডে একটি সন্দেহজনক লাল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যাগের মধ্যে বিস্ফোরক থাকতে পারে—এই আশঙ্কায় ঝাড়গ্রাম থানার পুলিশকে খবর দেন বাসিন্দারা। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বোম্ব স্কোয়াডের বিশেষ দল। কোনো রকম ঝুঁকি না নিয়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করে পুলিশ। এরপর সেটিকে শহর থেকে দূরে একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়।
সেখানে বোম্ব স্কোয়াডের কর্মীরা ব্যাগটি খতিয়ে দেখেন। পরীক্ষার পর ব্যাগের ভেতর থেকে একটি মদের বোতল, টুথব্রাশ এবং কিছু নথিপত্র সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া নথিপত্র থেকে জানা গিয়েছে, ব্যাগটির মালিক বেলিয়াবেড়া থানার কালিঙ্গা গ্রামের এক বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই ব্যক্তি টোটোতে যাওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগটি রাস্তায় পড়ে গিয়ে থাকতে পারে।
এদিকে, সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। ব্যাগের ভেতরে কী রয়েছে, তা জানার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন শহরবাসী। তবে বোম্ব স্কোয়াডের পরীক্ষায় কোনো বিস্ফোরক সামগ্রী মেলেনি বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ।









