সহরসা, ২৪ নভেম্বর : কুয়াশার কথা মাথায় রেখে রেলের পক্ষ থেকে ২০২৬-২৭ সালের ‘ফগ সিজনে’ বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করার এবং কিছু সাপ্তাহিক ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) সরস্বতীচন্দ্র জানিয়েছেন, ঘন কুয়াশার কথা বিবেচনা করে এই পরিবর্তনগুলো করা হবে। ১ ডিসেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে এই পরিবর্তন ।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশার মরসুমে কামাখ্যা-গয়া এক্সপ্রেস (১৫৬২০/১৫৬১৯), বারাউনি-আম্বালা এক্সপ্রেস (১৪৫২৩/১৪৫২৪), পূর্ণিয়া কোর্ট-অমৃতসর জনসেবা এক্সপ্রেস (১৪৬১৭/১৪৬১৮), কামাখ্যা-আনন্দ বিহার এক্সপ্রেস (১৫৬২১/১৫৬২২), মালদা-নয়াদিল্লি এক্সপ্রেস (১৪০০৩/১৪০০৪) এবং ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে।
কুয়াশার কারণে বেশ কয়েকটি ট্রেনের সংখ্যাও কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়ালিয়র-বারাউনি (১১১২৩/১১১২৪), আনন্দ বিহার-ভাগলপুর (২২৪০৬/২২৪০৫), পাটলিপুত্র-লখনউ (১৫০৩৩/১৫০৩৪), পাটলিপুত্র-গোরখপুর (১৫০৭৯/১৫০৮০) এবং কামাখ্যা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস (১২৫০৫/১২৫০৬)। এই ট্রেনগুলো নির্ধারিত দিনগুলোতে চলাচল করবে না।









