অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: কুমারঘাটের মশাউলিতে আজ শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহারাস উৎসব-২০২৬। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় মশাউলির ধর্মনগর পাড়ায় লক্ষ্মীকান্ত শর্মা ও মধুসুধন শর্মা নাট মন্দিরে মহারাস উৎসব উপলক্ষে সারা দিন ও রাতব্যাপী রাখাল নৃত্য ও মহারাস লীলার গোপী নৃত্যের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীরা দুটি নাট মন্দিরেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। লক্ষ্মীকান্ত শর্মা নাট মন্দিরে মহারাস উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মণিপুরীদের প্রধান উৎসব হল মহারাস উৎসব। এই উৎসবও একটি মিলনের উৎসব। বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহন করেন। বহু বৎসর পূর্ব থেকে মশাউলিতে মহারাস উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। তিনি বলেন, রাজ্য সরকার চায় বিভিন্ন জাতি, ধর্মের সংস্কৃতিকে উৎসাহ প্রদানের মাধ্যমে উর্দ্ধে তুলে ধরতে। সেজন্য মহারাস উৎসবের মাধ্যমে যে চিরাচরিত সংস্কৃতি তার প্রচার ও প্রসারের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, পশ্চিম মশাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য, সমাজসেবী তরুণ কুমার দাস প্রমুখ। সভাপতিত্ব করেন এই নাট মন্দিরের সভাপতি লক্ষ্মীকান্ত শর্মা। উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীকান্ত শর্মা নাট মন্দিরের পাশে মেলারও আয়োজন করা হয়। অতিথিগণ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় মশাউলিতেই পাশের মধুসুধন শর্মা নাট মন্দিরের মহারাস উৎবের সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিদর্শন করেন।









