অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে গতবারের তুলনায় এবার বিজেপির জয়ের ব্যবধান আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য সাধারণ মানুষের পাশে থাকা এবং বিগত পাঁচ বছরে দলীয় কার্যকর্তা ও কর্পোরেটরদের কাজের মূল্যায়ন করেই মানুষ বিজেপির প্রতি সমর্থন জানাচ্ছেন।
মঙ্গলবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সূর্য চৌমুহনী রোড ও সেন্ট্রাল রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। প্রচারে প্রার্থী রত্না দত্ত ছাড়াও প্রচুর সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই নিজের বিধানসভা কেন্দ্রসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তিনি। এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলছে। মানুষের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদের সমালোচনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হলেও তিনি সাধারণ মানুষেরই একজন এবং একই সঙ্গে বিজেপির একজন কার্যকর্তা। তাঁর দাবি, পূর্ববর্তী মুখ্যমন্ত্রীকে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এভাবে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিতে দেখা যায়নি। তবে গত নির্বাচনে তাঁকে অনুসরণ করে এক কংগ্রেস প্রার্থীর সমর্থনে কয়েকটি এলাকায় জনসংযোগ করতে দেখা গিয়েছিল বলে কটাক্ষ করেন তিনি।
ডাঃ সাহার বক্তব্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিজেপির রাজনৈতিক লক্ষ্য। তাই নির্বাচনের সময় মানুষের দুয়ারে যাওয়া নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। গত পাঁচ বছরে বিজেপির কার্যকর্তা ও নির্বাচিত কর্পোরেটররা যথেষ্ট ভালো কাজ করেছেন বলে দাবি করেন তিনি। ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না দত্তের কাজেও এলাকার মানুষ সন্তুষ্ট বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তবে আগামী দিনে নাগরিকদের প্রত্যাশা পূরণে আরও উন্নত পরিষেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
ভোটারদের উদ্দেশে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৭ নভেম্বর সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পদ্ম প্রতীকে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন। দেশ ও রাজ্যের নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে বিজেপির বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ২০ নম্বর ওয়ার্ডে রত্না দত্তের সমর্থনে এই নিয়ে ষষ্ঠবার নির্বাচনী প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একটি নির্দিষ্ট ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর বারবার প্রচারে অংশগ্রহণ রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচনের শেষ পর্যায়ে তাঁর ধারাবাহিক উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর প্রচারকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলা কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শেষ মুহূর্তের এই প্রচার ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, তা নির্ধারণ করবেন আগামী ২৭ নভেম্বরের ভোটাররাই।









