ভোটাধিকার রক্ষায় অবিজেপি শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিআইএমের, নির্বাচনী প্রচারে বাধা, কর্মী ও পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ; পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব রতন দাস

অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার স্বার্থে আসন্ন পুর নিগম নির্বাচনে সমস্ত অবিজেপি রাজনৈতিক শক্তি এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাল সিপিআইএম। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

মঙ্গলবার সিপিআইএম সদর মহকুমা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন, সারা দেশে বর্তমানে ‘ভোট চোর গদি ছোড়’ স্লোগান উঠেছে। ত্রিপুরার পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে দাবি করে তাঁর অভিযোগ, এখানে ভোট চুরির পাশাপাশি ভোট লুটের আশঙ্কাও রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রতন দাসের অভিযোগ, বিজেপি গণতন্ত্রবিরোধী রাজনীতি করছে এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে। তাঁর বক্তব্য, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি থেকে কাউকে রেহাই দেবে না ফ্যাসিবাদী প্রবণতা। তাই আগরতলা শহরকে শাসকদলের হাত থেকে মুক্ত করতে আসন্ন নির্বাচনে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচনী প্রচারে বাধা এবং বিরোধী দলের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার একাধিক অভিযোগও তুলে ধরেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তাঁর অভিযোগ, শহরের বিভিন্ন ওয়ার্ডে বিরোধী দলের নির্বাচনী প্রচার বাধাগ্রস্ত করা হচ্ছে।

অমল চক্রবর্তী জানান, ১৭ নম্বর ওয়ার্ডে পাঞ্চালী ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কর্মীরা প্রচারে বের হলে শাসকদলের আশ্রিত বহিরাগত কিছু লোকজন তাঁদের বাধা দেয়। প্রচার চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এক কর্মীর গায়ে হাত তোলার অভিযোগও করেন তিনি।

একইভাবে ৩ নম্বর ওয়ার্ডে বিধায়ক সুদীপ সরকারের নির্বাচনী প্রচারের সময় তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন অমল চক্রবর্তী। তাঁর আরও দাবি, গত ২৩ নভেম্বর রাত থেকে সিপিআইএমের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের আগে বাড়িতে ফিরলে বিপদের মুখে পড়তে হবে বলেও তাঁদের সতর্ক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে পোলিং এজেন্টরা নিরাপদে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিপিআইএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, একাধিকবার পুলিশ ও প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় দলের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানান অমল চক্রবর্তী।

তাঁর বক্তব্য, গত কয়েক দিনে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ ভোটারদের পাশাপাশি বিরোধী দলের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।

সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের পক্ষ থেকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য পুলিশ ও প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের দাবি জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা পাঞ্চালী ভট্টাচার্য এবং দলের মনোনীত প্রার্থীরা।