অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলার ধর্মনগর পুর পরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তৎপর ত্রিপুরা নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণের দিন গণদেবতারা যাতে উৎসবের মেজাজে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় উত্তর জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা, আরক্ষা দপ্তরের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার পাশাপাশি নির্বাচনী পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে ভোটের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নির্বাচনী বিধিভঙ্গের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও আরক্ষা দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে শেষ মুহূর্তের প্রচার ও প্রস্তুতি তুঙ্গে।
এই পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে যাতে সাধারণ ভোটারদের মধ্যে কোনও ধরনের আতঙ্ক বা উদ্বেগের পরিবেশ সৃষ্টি না হয় এবং প্রত্যেক ভোটার নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে আগামী ২৭ নভেম্বর উত্তর জেলার দুই নগর এলাকার নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আরক্ষা দপ্তর এবং নির্বাচন কমিশনের এই সমন্বিত উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।









