জাতীয় সড়কে পাথরের গোডাউন ! নীরব দর্শক প্রশাসন

অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: কুমারঘাট থানা সংলগ্ন জীবনরেখা সদৃশ ব্যস্ততম রাস্তায় অবৈধ পাথর ব্যবসা: জনদুর্ভোগের চরম পর্যায়।ত্রিপুরার কুমারঘাট থানার সংলগ্ন জাতীয় সড়ক থেকে কুমারঘাট বিএড কলেজ অভিমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথটি বর্তমানে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীর ব্যক্তিগত গোডাউনে পরিণত হয়েছে। প্রকাশ্য দিবালোকে রাস্তায় পাথর স্তূপ করে রেখে বেআইনি কালোবাজারির ব্যবসা চালানোয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই সড়কটি এলাকার অন্যতম প্রধান লাইফলাইন। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, নিত্যযাত্রী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং এফসিআই গোডাউনে যাতায়াতকারী ভারী যানবাহনসহ শত শত গাড়িঘোড়া এই পথ ব্যবহার করে। রাস্তার উপর পাথর ফেলে রাখার ফলে পথচারীদের চলাচলের জায়গা থাকছে না এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও যান চালকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের এই নিস্পৃহতায় এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ এবং অবিলম্বে এই বেআইনি পাথর সরিয়ে রাস্তাটি সম্পূর্ণ যানজটমুক্ত ও নিরাপদ করার জোর দাবি জানাচ্ছেন; অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।