অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর এক সভায় রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষকে শুয়োরের সঙ্গে তুলনা করে মন্তব্য করার অভিযোগ ওঠে বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (টিওয়াইএফ) সেল কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের পক্ষ থেকে আগরতলার পশ্চিম থানায় সহকর্মী কমরেডদের সঙ্গে নিয়ে প্রথমে একটি এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৫ নভেম্বর সোনামুড়া থানায় এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা নথিভুক্ত হয়। এরপর গত ২১ নভেম্বর ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন সেল কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মার কাছে সোনামুড়া থানার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে তদন্তের স্বার্থে থানায় উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্তকারী আধিকারিক বিপ্লব দেববর্মা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন বলে জানান সংগঠনের সভাপতি।এ বিষয়ে কৌশিক রায় দেববর্মা জানান, আইনের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আইনকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত। তার দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে আদিবাসী সমাজের উপর আক্রমণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ১০ নভেম্বর বিধায়কের বক্তব্য সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন বলে মনে করেন তারা। একজন নির্বাচিত বিধায়কের কাছ থেকে এ ধরনের ভাষা ও মন্তব্য কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন চেয়েছিল,১৯৮৯-এর প্রাসঙ্গিক ধারা প্রয়োগ করে একটি সুষ্ঠু ও যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হোক।সেই দাবিই তারা সরকার ও প্রশাসনের কাছে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পক্ষে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন বরাবরই রয়েছে এবং আগামী দিনেও থাকবে। এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। তদন্তের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে আগামী দিনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন সংগঠনের সভাপতি কৌশিক রায় দেববর্মা।









