সোনারিতে পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত ১

জামশেদপুর, ২৫ নভেম্বর : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সোনারি থানা এলাকার সার্কিট হাউস অঞ্চলে সোমবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন যুবক একটি বাইকে করে কোথাও যাচ্ছিলেন। সেই সময় সার্কিট হাউস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
মৃতদের পরিচয় জানা গিয়েছে, তাঁরা হলেন সোনারির বাসিন্দা তথা জেডিইউ কর্মী জিতেন্দ্র সিংয়ের ছোট ছেলে ব্রজেশ সিং এবং গণেশ পাণ্ডের ছেলে কৃষ্ণা পাণ্ডে। আহত ব্যক্তি গণেশ পাণ্ডের জামাই বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে বাইকের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।