বড়জোড়ায় ১২৫ দিনের কাজের প্রকল্প পরিদর্শনে বিধায়ক বিল্লেশ্বর সিনহা, কোদাল হাতে মাটি কেটে উৎসাহ দিলেন গ্রামবাসীদের

বাঁকুড়া, ২৫ নভেম্বর :বাঁকুড়ার শিল্পাঞ্চল বড়জোড়া এলাকায় ১২৫ দিনের ভিবিজি রামজি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এবং গ্রামবাসীদের উৎসাহিত করতে মাঠে নামলেন স্থানীয় বিধায়ক বিল্লেশ্বর সিনহা। বিধায়কের এই সরাসরি তদারকিতে কাজে নিযুক্ত শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সোমবার তিনি বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানাচরের পল্লীশ্রী কলোনি এলাকা পরিদর্শন করেন। সেখানে এই প্রকল্পের অধীনে একটি পুকুর খননের কাজ চলছে। বিধায়ক শ্রমিকদের কাজের প্রশংসা করার পাশাপাশি গ্রামের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ঘোষ এবং পঞ্চায়েত সদস্য সৈকত মণ্ডল।এর আগে রবিবার বড়জোড়ার গদারডিহির সংগ্রামপুরে ১২৫ দিনের প্রকল্পের আওতায় লালবাঁধ সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে এক অনন্য নজির গড়েন বিধায়ক। সেখানে তিনি নিজেই কোদাল হাতে মাটি কাটেন এবং সেই মাটি ঝুড়িতে ভরে এক শ্রমিকের মাথায় তুলে দেন। বিধায়ককে এতটা কাছ থেকে পেয়ে পুকুর খননের কাজে যুক্ত গ্রামবাসীরা আনন্দে তাঁকে ঘিরে ধরেন। বিল্লেশ্বরবাবুও প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পারিবারিক কুশল সংবাদ নেন।শ্রমিকদের উৎসাহিত করে বিধায়ক বলেন, সংগ্রামপুরের লালবাঁধে অভূতপূর্ব কাজ হয়েছে এবং এখানকার শ্রমিকেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজেদের মতো করে কাজটি করেছেন। বাঁকুড়া লালমাটি ও রাঙামাটির দেশ, আর এখানকার ঐতিহ্যবাহী লালবাঁধকে নতুন রূপ দিচ্ছেন স্থানীয় মানুষজনই। তিনি উল্লেখ করেন, এই পুকুর পুনর্নির্মাণ মানেই প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তাই তিনি গ্রামবাসীদের দ্রুত পুকুর সংস্কারের কাজ সম্পন্ন করার পরামর্শ দেন এবং জানান যে, আন্তরিকতার সঙ্গে কাজ করলে আগামী দিনে বাড়ির কাছেই কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে ও এলাকার উন্নয়ন ঘটবে।স্থানীয় বাসিন্দা ও শ্রমিক বারিদ বাউরি, কানন মণ্ডল এবং প্রভাত রায় জানান, আগে এই প্রকল্পের কাজের তেমন কোনো তদারকি হতো না। কিন্তু বর্তমানে বাড়ির কাছে কাজ পাওয়ার পাশাপাশি বিধায়ক নিজে এসে কাজ খতিয়ে দেখছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনছেন—এতে তাঁরা ভীষণ খুশি।