মহাকালেশ্বর মন্দিরে চহল-নীতীশ রানাদের পুজো, ভস্ম আরতিতে অংশ ক্রিকেটারদের

উজ্জয়িনী, ২৫ নভেম্বর : ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটালেন একঝাঁক ক্রিকেটার। মধ্যপ্রদেশের উজ্জয়নীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন যুজবেন্দ্র চহল, নীতীশ রানা, রাহুল তেওয়াটিয়া-সহ একাধিক ক্রিকেটার। মন্দিরে দর্শনের পাশাপাশি তাঁরা ভস্ম আরতিতেও অংশ নেন।

বুধবার সকালে মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে পুজো দেন ক্রিকেটাররা। ভস্ম আরতিতে অংশ নিয়ে মহাকালের আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা। মন্দিরে তাঁদের উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা যায়।

পাঁচ মাস পর ফের মহাকালেশ্বর মন্দিরে এসে নিজের অনুভূতির কথা জানান যুজবেন্দ্র চহল। তিনি বলেন, “আবার এখানে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। পাঁচ মাস পর এলাম। এখানকার পরিবেশ সব সময়ই অসাধারণ। প্রতিবার এখানে এলে এক ইতিবাচক আবহ অনুভব করি। মহাকালের আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে রয়েছে।”

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দেশের অন্যতম পরিচিত শিবতীর্থ। এখানকার ভস্ম আরতি দর্শনের জন্য প্রতিদিনই বহু ভক্ত ও পুণ্যার্থী সমবেত হন। ক্রিকেটারদের মন্দির দর্শন এবং আরতিতে অংশগ্রহণের ঘটনাও এ দিন সামনে আসে।