রাইসেন, ২৫ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বুধবার মধ্যপ্রদেশের রাইসেনে আয়োজন করা হবে বিশেষ মহড়ার। বিমান হামলার নিরাপত্তা পদ্ধতির মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার মধ্যপ্রদেশের রাইসেনের পুলিশ লাইনে আয়োজন করা হবে মহড়া। বিমান হামলার সময় কী ধরনের সুরক্ষা বিধি অবলম্বন করা উচিত, সেই বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে মহড়াটি। এদিন জনসংযোগ আধিকারিক ড. অনুভা সিং জানিয়েছেন, এই মহড়াটি সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালীন বিমান হামলার মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণকার্য, সুরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য সংশ্লিষ্ট সকল আধিকারিককে প্রয়োজনীয় প্রস্তুতি সহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।









