আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রাজস্থানে

জয়পুর, ২৮ নভেম্বর : শৈত্যপ্রবাহের প্রভাব কিছুটা কমলো রাজস্থানে। বারমেঢ়, জয়সলমীর-সহ সাতটি শহরে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। তবে সন্ধ্যা থেকে তাপমাত্রা দ্রুত কমছে| পাশাপাশি, সকাল-সন্ধ্যায় শীতের আমেজ বজায় রয়েছে।
শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজস্থানে শুক্রবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারমেঢ়ে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শ্রীগঙ্গানগরে ৩১.৪, চিতোরগড়ে ৩১.২, যোধপুরে ৩১, পিলানিতে ৩০.৭, জয়সলমীরে ৩০.৪ এবং চুরুতে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অন্যদিকে রাতের তাপমাত্রা কমছে। রাজ্যের একাধিক শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। সিকারে ৫, নাগৌরে ৬.৪, চুরুতে ৮, পিলানিতে ৮.২, টঙ্কে ৭.৬, আলওয়ারে ৮.৫ এবং ভিলওয়াড়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহবিদদের মতে, রাজ্যে পূবালী বাতাসের প্রভাব বাড়ায় উত্তর ভারতের দিক থেকে আসা শীতল হাওয়া দুর্বল হয়েছে। এর প্রভাব দিনের তাপমাত্রায় পড়েছে এবং রাজ্যের বহু এলাকায় তাপমাত্রার পারদ চড়েছে। তবে রাতের বেলা ঠান্ডা বাতাসের প্রভাব বজায় থাকায় শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানে আগামী এক সপ্তাহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে| আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
Recent Posts