অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৪: শিশু পাচার বন্ধ করা এবং এই সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ উত্তর ত্রিপুরা জেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর উদ্যোগে এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস ও উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালা আয়োজিত হয়।
ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, উত্তর ত্রিপুরা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ পাল, জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা পরিদর্শক প্রসেনজিৎ দেববর্মা, বিভিন্ন দপ্তরের আধিকারিক, চাইন্ড ওয়েলফেয়ার কমিটির অন্যান্য সদস্য ও সদস্যা, চাইন্ড লাইনের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিসিপিসিআর’র চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, শিশু পাচার বন্ধ করার লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ধরণের কর্মশালার পাশাপাশি বিদ্যালয় স্তরেও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন।
তিনি বলেন, শিশু পাচার বন্ধ করার জন্য যারা কাজ করছে তাদের কাজ করতে গিয়ে কোন ধরণের অসুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলে তা কিভাবে সমাধান করা যাবে, এই কর্মশালায় আলোচনার মাধ্যমে তা জানা যাবে। এদিনের কর্মশালায় শিশু পাচার সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এনসিপিসিআর’র জুভেনাইল জাস্টিস বোর্ডের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা।তিনি শিশু পাচারের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন। শিশু পাচার কিভাবে রোধ করা যায় এই বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।









