অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৪: সোমবার অধ্যক্ষের কক্ষের সামনেই ভলান্টিয়ারি আই কার্ড নিতে গিয়ে ঘটলো রক্ত ঝরার এই ঘটনা। ছাত্র ভর্তি ঘিরে মারপিটের ঘটনায় রণ রূপ নিল মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়। অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা টিএসএফ -এর সদস্যের মাথা ফাটিয়ে দেয়। আহত ছাত্রের নাম খরাং দেববর্মা।
সে টিএসএফের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হল পুলিশকে। পরে পুলিশ এসে বহিরাগত যুবকদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায়। প্রতিবাদে ডেপুটেশন প্রদান করল টি এস এফ এবং টি আই এস এফ। জানা যায়, কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বিঘ্নে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
কিন্তু কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং টি এস এফ ছাত্র ভর্তি প্রক্রিয়ায় মাতব্বরি করতে গিয়ে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এদিন। ছাত্র-ছাত্রীদের গাইড করার নাম করে ভলান্টিয়ারী আই কার্ড এর ব্যবস্থা করা হয়েছে কলেজে। টি এস এফ -এর সদস্য আইডি কার্ড নিতে যাওয়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. নির্মল ভদ্র জানান, কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে।
ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখার জন্য দায়িত্বে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকাগণ। কিন্তু এর মধ্যে কিছু ছাত্র ভর্তির প্রক্রিয়ায় এসে ঝামেলা সৃষ্টি করেছে। সেসব ছাত্রদের বলা হয়নি যে যারা ভর্তি হতে কলেজে আসছে তাদের বিষয় দেখার জন্য এবং ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য।
কিন্তু তারপরেও তারা এগিয়ে এসে ঝামেলা করেছে। সাথে সাথে পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ এসে ঝামেলার সৃষ্টিকারী ছাত্র ছাত্রীদের এবং বহিরাগত ছাত্রদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। শান্তিপূর্ণভাবে যাতে নতুন ছাত্র-ছাত্রীরা যাতে কলেজে ভর্তি হতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে।









