অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৪: রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ রাজ্যের জেলা, মহকুমা ও পঞ্চায়েতস্তরে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো প্রকল্প চালু করা হয়েছে।
আজ উদয়পুরের রাজর্ষি হলে জেলাভিত্তিক টিবি মুক্ত গ্রামপঞ্চায়েত সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশকে টিবি মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিবি মুক্ত ভারত অভিযান শুরু করেছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী দুজন টিবি রোগীর হাতে পোষণ কিট তুলে দেন৷
অনুষ্ঠানে জেলার ৮টি ব্লকের ৬০টি টিবি মুক্ত গ্রামপঞ্চায়েতকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিগণ গ্রামপঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার৷
উপস্থিত ছিলেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং। গোমতী জেলা প্রশাসন ও গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।









