অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৪: কল্যাণপুর ব্লকের পশ্চিম ঘিলাতলীর দাউছড়া বাজার নাটমন্দিরে আজ কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা হয়েছে।
খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের সূচনা করেন৷ এই ধান ক্রয় কেন্দ্রে আগামী ২৯ জুন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ৪ দিনে কৃষকদের কাছ থেকে ২৫০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রতি কুইন্টাল ধান ২, ১৮৩ টাকা দরে ক্রয় করা হবে৷ ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার বছরে দু’বার ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে।
ধান ক্রয়ের সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক এ কে চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাশিরাম বর্মণ।









