সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজ্যে ১২ জুলাই পর্যন্ত আভা রেজিস্ট্রেশনের কাজ চলবে

অনলাইন ডেস্ক, ০৩ জুন, ২০২৪: ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যে আভা আইডি রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। গত ৩ জুন থেকে রাজ্যে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশনের কাজ। আগামী ১২ জুলাই পর্যন্ত আভা রেজিস্ট্রেশনের কাজ চলবে৷

গতকাল জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা রাজীব দত্ত একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২১ সালে স্বাস্থ্য পরিকাঠামোকে ডিজিটাল করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা হয়েছে। এই মিশনের প্ল্যাটফর্মে নাগরিকদের ডিজিটালি পরিষেবা প্রদান করার জন্য রয়েছে আভা অ্যাপ।

আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ১৪ সংখ্যার আভা নম্বরের মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিক নিজের স্বাস্থ্য সম্বলিত তথ্য ডিজিটালি সংরক্ষণ ও প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করতে পারবেন। মিশন অধিকর্তা জানান, এই আভা নম্বর স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সাথে সুবিধাভোগীদের যোগাযোগ সহজ করে তুলবে৷

তাছাড়াও এই আভা অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের ল্যাব রিপোর্ট ও প্রেসক্রিপশন সহজেই পেতে পারেন। সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা আরও জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে আভা জেনারেশন চলছে। মা উষা চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি ইন্টারফেসিং এজেন্সি পশ্চিম ত্রিপুরা জেলার শহরাঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়িত করবে৷

তিনি আরও বলেন, আভা আইডি থাকলে হাসপাতালের লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না৷ ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট ও অনলাইনে করা যাবে৷ তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত ১৯,৪৩,২৫৪ জনের আভা জেনারেশন হয়েছে। ১৭,৫৭,৯৪২ জনের স্বাস্থ্য রেকর্ড লিংক হয়েছে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও যুগ্ম মিশন অধিকর্তা উপস্থিত ছিলেন।

Recent Posts