অনলাইন ডেস্ক, 0৪ জুন 2024: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মান্দাই আরডি ব্লকের যৌথ উদ্যোগে মান্দাই খোরাঙ কমিউনিটি হলে আজ পশ্চিম জেলাভিত্তিক বর্ষামঙ্গল ও বনমহোৎসব অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য বৃক্ষ চারায় জল সিঞ্চনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বনমহোৎসবের মধ্য দিয়ে সবুজ বন সৃষ্টি করার লক্ষ্যে গাছের চারা রোপন করা হয়। অন্যদিকে বর্ষামঙ্গলের মধ্য দিয়ে বর্ষাকে স্বাগত জানানো হয়। সভ্যতাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বর্ষা এবং বন সৃজন একে অপরের পরিপূরক। সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে ব্যাপকহারে বৃক্ষ রোপন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বর্ষামঙ্গল ও বর্ষামঙ্গলের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পশ্চিম জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পিন্টু দেববর্মা, মান্দাইয়ের অতিরিক্ত বিডিও পূজন সেন, সমাজসেবী অজিত দেববর্মা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাঙামাটি ড্রামা সেন্টারের শিল্পীগণ বৃক্ষরোপনের উপর একটি নাটক মঞ্চস্থ করেন।









