অনলাইন ডেস্ক, ০8 জুলাই, ২০২৪: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবিপি হাসপাতালে আজ কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সসহ সকল স্তরের চিকিৎসাকর্মীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের চিকিৎসা পরিষেবার ইতিহাসে আজকের দিনটি এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা কিছুদিন আগেও অসম্ভব বলে মনে হতো। চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের ধারাবাহিক পদক্ষেপের ফলেই আজ রাজ্যে কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।
রাজ্যেই জটিল রোগের চিকিৎসা করা সম্ভব, এই বিষয়টিকে আবারও সঠিক প্রমাণ করলেন রাজ্যের চিকিৎসক ও চিকিৎসাকর্মীগণ। ভবিষ্যতেও চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াস জারি থাকবে।’ শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কিডনি দাতা ও গ্রহীতা উভয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।









