তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার সুবিধাভোগীদের পাকা আবাস নির্মাণের মঞ্জুরি

অনলাইন ডেস্ক, ৯ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহুরি প্রকল্পে তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার ১০৬ জন সুবিধাভোগীর হাতে আজ এক অনুষ্ঠানে পাকা আবাস নির্মাণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার নবম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

এই যোজনার সপ্তম ডিপিআর-এর অন্তর্গত এই সুবিধাভোগীদের হাতে মঞ্জুরিপত্রগুলি তুলে দেওয়া হয়৷ তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়৷ উপস্থিত ছিলেন পুরপরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ। অনুষ্ঠানের উদ্বোধন করে পুরপরিষদের চেয়ারপার্সন বলেন, রাজ্য সরকার দলমত নির্বিশেষে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিচ্ছে৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুরপরিষদের উপমুখ্যকার্যনির্বাহী আধিকারিক অমিত রায় চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহুরি প্রকল্পে সপ্তম ডিপিআর-এ ১১১টি পাকা আবাস নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। আজকের অনুষ্ঠানে ১০৬ জন সুবিধাভোগীর হাতে পাকা আবাস নির্মাণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হলো।

এই যোজনায় প্রতিটি আবাস নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৬৬ হাজার ৬৬৬ টাকা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই আবাসগুলির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে৷

Recent Posts