দশম জাতীয় হস্ততাঁত দিবস, হস্ততাঁত শিল্প দেশ ও রাজ্যের সংস্কৃতি বহন করে ঃ হস্ততাঁত শিল্প মন্ত্রী

অনলাইন ডেস্ক,০৭ অগাস্ট, ২০২৪: তাঁত শিল্পীদের নিজস্ব উদ্ভাবনী পণ্য সামগ্রীর আধুনিকীকরণ ও তাঁত শিল্পীদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। রাজ্যের সকল ক্লাস্টার ও ওয়েভার্স সেন্টারগুলিকে আরও শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা হস্ততাঁত শিল্প দেশ ও রাজ্যের সংস্কৃতি বহন করে।

আজ প্রজ্ঞাভবনের ১নং হলে আয়োজিত দশম জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রের উদ্বোধন করে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের ওয়েভার্স সার্ভিস সেন্টার যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে।

উল্লেখ্য, আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দশম জাতীয় হস্ততাঁত প্রদর্শনীর উদ্বোধন করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রজ্ঞাভবনের আলোচনাচক্রে জাতীয় হস্ততাঁত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রজ্ঞাভবনে আয়োজিত আলোচনাচক্রে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, রাজ্যের হস্ততাঁত শিল্পের প্রসারে ক্লাস্টার ও ওয়েভার্সগুলিকে আরও উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনাচক্রে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প নিগম লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক কিশোর বর্মণ বলেন, স্বদেশী বস্ত্র যে কোন দেশের এক ঐতিহ্যময় সংস্কৃতি। তিনি বলেন, ১৯০৫ সালে দেশে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। একে স্বরণ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৭ আগস্ট চেন্নাইতে জাতীয় হস্ততাঁত দিবসের সূচনা করেন।

আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েভার্স সার্ভিস সেন্টারের উপঅধিকর্তা অর্ণব চৌধুরী, এনএইচডিসিএল’র সিনিয়র ম্যানেজার সুব্রত ভট্টাচার্য, রিসোর্স পার্সন প্রহ্লাদ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ ২০২৩ সালে বয়ন শিল্পে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী স্মৃতিরেখা চাকমাকে এবং বয়নে ডিজি বুনাই কেডল্যাব সফটওয়ারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত ৫ জন আইটিআই সিনিয়ার ইনস্ট্রাকটরকে পুরস্কৃত করা হয়।