অনলাইন ডেস্ক, ১২ অগাস্ট, ২০২৪: সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় গোমতী জেলায় করবুক মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে লবকান্ত পাড়া বিওপি থেকে চাপলিংছড়া বিওপি-র (বিপি নম্বর ২২৪০ / ৪৪-এস থেকে ২২৬২ / ৩০-এস) ৩০০ মিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গোমতী জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারায় আজ থেকে এই বিধিনিষেধ আরোপ করেছেন। আগামী ১১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই বিধিনিষেধ উক্ত সময়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
জেলাশাসক আদেশে জানিয়েছেন, উল্লেখিত এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বৈধ অনুমতি ছাড়া চারজনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। করবুক মহকুমার মহকুমা শাসকের লিখিত অনুমতিপত্র ব্যতীত উল্লেখিত সময়ে কেউ চলাচল করতে পারবেন না। কর্তব্যরত পুলিশ / সিআরপিএফ / বিএসএফ ব্যতীত অন্য কেউ লাঠি, আগ্নেয়াস্ত্র বা কোনও ধরনের অস্ত্র বহন করতে পারবেন না।
সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি, পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩০০ মিটার পর্যন্ত এলাকায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









