ধলাই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে, জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট, ২০২৪: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ধলাই জেলার জেলাশাসক গন্ডাতুইসা মহকুমার রইস্যাবাড়ি বাজার এলাকা ব্যতীত জেলার অন্তর্গত মহকুমাগুলির ভারত-বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন।

বিএনএসএস-২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামারিক / আধাসামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার এবং ধলাই জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারিগণ এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন।

এই আদেশ আগামীকাল ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে এবং তা ৬ নভেম্বর, ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস-২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।