অনলাইন ডেস্ক, ০২ আগস্ট, ২০২৪: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের চিফ মিনিস্টার্স ওয়ার রুমে আয়োজিত সভায় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিভাগে ফ্যাকাল্টি নিয়োগ, পিএম-ডিভাইন প্রকল্পে নির্মীয়মান কলেজ বিল্ডিং-এর বর্তমান অবস্থা, ২৫০ আসন বিশিষ্ট বয়েজ ও গার্লস হোস্টেল নির্মাণ, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি, কলেজের জন্য ডেন্টাল ভ্যানের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সার্বিক উন্নতির লক্ষ্যে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার যে নিয়মনীতি ও নির্দেশিকা রয়েছে তা অনুসরণ করেই সমস্ত কাজ করতে হবে। বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে।
তবে কোনও পদের যোগ্য প্রার্থী রাজ্যে পাওয়া না গেলে পিআরটিসির ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার কলেজ পরিদর্শন করার পূর্বেই সমস্ত উদ্যোগ কার্যকর করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। সভায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পঠন-পাঠন সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন।
সভায় এছাড়াও আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষা প্রফেসর (ডা.) শালু রাই, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. তপন মজুমদার, ত্রিপুরা হেলথ সার্ভিসের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।









