কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধন, পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে মানুষকে আত্মনির্ভর করার প্রয়াস নিয়েছে সরকার : পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০২ আগস্ট, ২০২৪: পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে আরও বেশী মানুষকে আত্মনির্ভর করার প্রয়াস নিয়েছে সরকার। কমলাসাগরে কসবেশ্বরী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ১৮ কোটি টাকা এবং ত্রিপুরেশ্বরী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ৪০ কোটি টাকা ব্যয়ে এই দুটি জায়গাকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলা হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় পর্যটন উন্নয়ন নিগম এই প্রকল্প রূপায়ণ করছে।

গতকাল কমলাসাগরে কসবেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। ভাদ্রমেলার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মেলা, উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। ঐক্য, সংহতি ও সম্প্রীতি অক্ষুন্ন থাকলে যেকোন জায়গার উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।

সাম্প্রতিক বন্যার কথা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজ্য সরকারও ঝাঁপিয়ে পড়েছে। রাজ্য সরকারের এই কাজে সবাইকে সামিল হওয়ার জন্য পর্যটনমন্ত্রী আহ্বান জানান। দু’দিনব্যাপী ভাদ্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক অন্তরা সরকার দেব। বক্তব্য রাখেন খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, সিপাহীজলা জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্ৰমুখ।

Recent Posts