বিজেপি নেতৃত্বাধীন শাসনকালে ত্রিপুরায় হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে : ক্রিস্টোফার তিলক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বিজেপি নেতৃত্বাধীন শাসনকালে ত্রিপুরা রাজ্যে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত এআইসিসির সেক্রেটারি ক্রিস্টোফার তিলক এই অভিযোগ করেন। তিনি বলেছেন যে কংগ্রেস অহিংসার গান্ধীবাদী দর্শন গ্রহণ করে রাজনীতি করছে।

দুই দিনের ত্রিপুরা সফরের পরে শুক্রবার প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক আগরতলায় কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাম শাসনের সময় জনগণ যা দেখেছিল তার তুলনায় হিংসাত্মক ঘটনার গ্রাফ আরও উচ্চতায় পৌঁছেছে।

বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে তিলক বলেন, শান্তি ছাড়া আমরা কোনও উন্নয়ন অর্জন করতে পারি না এবং উন্নয়নের জন্য আমাদের বিনিয়োগের প্রয়োজন। উন্নয়ন ও বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান হবে না এবং কর্মসংস্থান ছাড়া ভবিষ্যৎ হবে না।

ত্রিপুরায় কংগ্রেস যে বিষয়গুলির জন্য কাজ করবে এবং লড়াই করবে তা তুলে ধরে এআইসিসি সেক্রেটারি বলেন, ভারতে জনসংখ্যার ৬০ শতাংশের বয়স চল্লিশের নীচে যা বোঝায় যে আমরা একটি তরুণ জাতি। দেশের উন্নয়নে যুবসমাজের উন্নয়ন অপরিহার্য। মোদি সরকার এক বছরে ২ কোটি চাকরির মতো বড় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে বেকারত্বের সংকট প্রশমনে কিছুই করেনি। ত্রিপুরায়ও একই অবস্থা।

তিনি আরও বলেন, যে রাজ্যে শাসক বাহিনী হিংসতায় নিমগ্ন এবং বিপুল সংখ্যক যুবক বেকার। এই পরিস্থিতি বিবেচনা করে, তিলক অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী বা শাসক দলের মন্ত্রী এবং নেতারা এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধান করতে ব্যার্থ। তিলক আরও উল্লেখ করেছেন যে কংগ্রেস দল রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী, মহিলা এবং সংখ্যালঘুদের উন্নতির জন্য কাজ করবে।

ষষ্ঠ তফসিল সহ ত্রিপুরার আদিবাসীরা এখনও পর্যন্ত যা কিছু দেখেছে তা কংগ্রেস পার্টির কারণে হয়েছে বলে দাবি করে ক্রিস্টোফার তিলক বলেন, ত্রিপুরার আদিবাসীদের উন্নয়ন এবং কল্যাণ শাসক বাহিনী দ্বারা উপেক্ষিত। বিজেপি রাজ্যের আদিবাসীদের বোকা বানিয়ে চলেছে।

কংগ্রেস নেতা উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) ২৫০ কোটি টাকা পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি কীভাবে অর্থ ব্যয় হচ্ছে তার স্বচ্ছতা দাবি করেন এবং সরকারের কাছে তহবিলের হিসাব চান।
প্রসঙ্গত, সংবাদাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক এবং সিডব্লিউসি-এর স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রমুখ।

Recent Posts