চুরাইবাড়ি , ১৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশ নাকা পয়েন্টে গাঁজা বোঝাই ১২ চাকার একটি লরি আটক করেছে। ২৪ প্যাকেটে মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে লরি চালককে।
জানা গেছে, শুক্রবার এএস১৭সি৬০৪২ নম্বরের একটি ১২ চাকার লরি চুরাইবাড়ি পুলিশ নাকা পয়েন্টে আসলে গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপরই জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে লরিতে তল্লাশি চালায় পুলিশ।
এরপরই সেখানে স্থানীয় লোকজন সহ প্রশাসনিক আধিকারিকদের সামনে লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ লরির ভেতর থেকে ২৪ প্যাকেটে মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করে।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, লরিটি আগরতলা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। লরি চালক নূর ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি পানিসাগরের রোউয়া গ্রামে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারে মূল্য ৩০ লক্ষ টাকা হবে। একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত লরি চালককে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে।









