তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর : সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উপাখ্যান তুলে ধরেছিলেন। তারপরেই তোলপাড় হয়ে উঠে রাজ্য রাজনীতি। মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতির উপাখ্যান ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতে প্রচার করা হলেও কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ রাজ্য বিজেপি। কিন্তু, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করে শুক্রবার তেলিয়ামুড়া শহরে।
মিছিলটি তেলিয়ামুড়া শহর পথ পরিক্রমা করে। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের পর তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় বিধায়ক সুদীপ রায় বর্মনের কুশপুত্তলিকা দাহ করা হয়। একাংশ বুদ্ধিজীবী মহলের অভিমত ২৫ বছরের বাম জামানার পুনরাবৃত্তি হচ্ছে নাকি। জনশোষণ, জন নিপীড়নের পথেই কি এবার হাঁটতে চলেছে বর্তমান সরকারের একাংশ নেতা মন্ত্রীরা।
রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী হলেন বিকাশ দেববর্মা। এই বিকাশ বাবু প্রায় দেড় বছরের মন্ত্রিত্বের সময়কালে অর্থনৈতিক দিক দিয়ে এতটাই ফুলে ফেঁপে উঠেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গার চা স্টল থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সুদীপ রায় বর্মনের যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে ২৯ কৃষ্ণপুর বিধানসভা মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ অভিযোগ করে জানান, সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছিলেন।
যার ফলে রাজ্য বিজেপি তাঁকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দিয়েছিল। তিনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিধানসভায় কোটি কোটি টাকার যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল দেবনাথ আরো বলেন, পবিত্র বিধানসভায় হট্টগোল করার মত বিজেপি উশৃঙ্খল দল নয়। যা বিরোধী দলের বিধায়করা বিধানসভায় করে থাকেন।
তিনি আরও জানান, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি সামিল হয়ে সাধারণ জনগণকে পাশে রেখে মিথ্যা রাজনীতিক করা যাদের লক্ষ্য তারা কি আদতে জনগণের সুখ দুঃখের কথা বিবেচনা করেন। নির্বাচনের প্রাকমুহুর্তে দেখা গিয়েছে গোষ্ঠী কোন্দলে বিরোধী দলের সাথে মিতালী সম্পর্ক করে তোলে সাধারণ কর্মী সমর্থকদের বোকা বানিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে যাচ্ছেন সুদীপ রায় বর্মণ সহ তাঁর অনুগামীরা।









