অনলাইন ডেস্ক, ১৩ অগাস্ট, ২০২৪: অচৈতন্য অবস্থায় নেশায় আসক্ত যুবক উদ্ধার। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন সাহা বেকারি সংলগ্ন এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরেই ড্রাগসে আসক্ত ছিল জয় দে নামের ওই যুবক।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ড্রাগসের কেনাবেচা সংক্রান্ত কোনো এক ঝামেলার জেরে কে বা কারা জয় দে নামের ওই যুবককে বেধড়ক মারধর করে তেলিয়ামুড়ার সাহা বেকারি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ফেলে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসীরা রাস্তায় এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে।
খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে।
বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে চলছে ওই যুবকের চিকিৎসা। এলাকা সূত্রের খবর, জয় দীর্ঘদিন ধরেই ড্রাগস সেবন সহ ড্রাগস কেনাবেচার সঙ্গে জড়িত। আর এর যের ধরেই বৃহস্পতিবার রাতে ড্রাগসের নেশায় বুদ থাকা অবস্থায় জয়ের উপর এই আক্রমণ সংঘটিত হয়।









