অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: রবিবার সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও যথাযথ মর্যাদায় ইন্ডিয়া মহিলা কংগ্রেস -এর ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
জাতি, শ্রেণী বা ধর্ম নির্বিশেষে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস ত্রিপুরাজুড়ে মহিলাদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেনত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ মিনা টোকো। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী, অরুণাচল প্রদেশ কংগ্রেসের সহ-সভানেত্রী তথা কংগ্রেসের মহিলা শাখার রাজ্য ইনচার্জ মিনা টোকো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিনা টোকো বলেন, আগেই ঘোষণা করা হয়েছে সংগঠনের ৪০তম বার্ষিকী উপলক্ষে মহিলা কংগ্রেসের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। অনলাইনে দেশব্যাপী সদস্য পদ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ত্রিপুরায় নারীদের অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে, টোকো ত্রিপুরায় নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির জন্য দায়ী করে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। মিনা টোকো আরও ঘোষণা করেছেন যে মহিলা কংগ্রেস মহিলাদের সংরক্ষণ আইন সহ মহিলাদের অধিকারের জন্য লড়াই করার জন্য একাধিক কর্মসূচি চালু করবে।









