অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোরে সোনামুড়া এবং মেলাঘরে যৌথ ভাবে অভিযান চালিয়ে বাদল শীল হত্যা মামলায় দুই অভিযুক্ত প্রদীপ নমঃ এবং পিংকু পোদ্দারকে গ্রেপ্তার করল পি আর বাড়ী থানার পুলিশ। পুলিশ জানায় সোনামুড়া থেকে প্রদীপ নমঃ এবং মেলাঘর থেকে পিংকু পোদ্দারকে আটক করা হয়।
রবিবার ভোরে বাদল শীল হত্যা মামলায় দুই অভিযুক্তকে আটক করলে ধৃতদের সোমবার আদালতে সোপার্দ করা হবে পুলিশ জানায়। বাদল শীল হত্যা মামলায় এখন পর্যন্ত তিন জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রথমে গ্রেপ্তার করা হয় অমল দাস নামে এক অভিযুক্তকে। অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, ১২ জুলাই সন্ধায় চোত্তাখলা বাজারে পারিবারিক কাজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে মারাক্তকভাবে আহত হন সিপিআই(এম) নেতা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী বাদল শীল। আহত বাদল শীল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই প্রয়াত হন।
বিস্তৃত ঘটনা জানিয়ে পি আর বাড়ী থানায় বাদল শীল হত্যার সাথে যুক্ত ছয় জনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদল শীলের পরিবার। পুলিশ ঘটনার তদন্তক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাদল শীলের খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিপিআই(এম) সহ বাদল শীলের পরিবার ও সাধারণ মানু্ষ ক্রমাগত পুলিশের কাছে ডেপুটেশান দিতে থাকে।
প্রবল চাপে অবশেষে বাদল শীল হত্যার ৬৭ দিন পর অপর দুই অভিযুক্ত প্রদীপ নমঃ এবং পিংকু পোদ্দারকে রবিবার ভোরে গ্রেপ্তার করে পি আর বাড়ী থানার পুলিশ। পুলিশ জানায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের তদন্ত জারি রয়েছে। যদিও স্থানীয় মানুষের দাবি বাদল শীল হত্যা মামলা প্রত্যেক অভিযুক্ত চোত্তাখলায় রয়েছে পুলিশ চাইলে বাকি তিন অভিযুক্তকেউ গ্রেপ্তার করতে পারে।









